[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

তীব্র লোডশেডিংয়ের প্রতিবাদে দেবিদ্বারে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর মোমবাতি বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬ ৮:৪৭ পিএম

কুমিল্লার দেবিদ্বারে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ বিপর্যয়ের প্রতিবাদে সাধারণ মানুষের মাঝে মোমবাতি বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের

 খাইয়ার গ্রামে এক ব্যতিক্রমী কর্মসূচির মাধ্যমে তিনি এই প্রতীকী প্রতিবাদ জানান।

মোমবাতি বিতরণকালে হাসনাত আব্দুল্লাহ সরকারের জ্বালানি নীতি ও বর্তমান পরিস্থিতির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, দেশের জ্বালানি সংকটের প্রকৃত চিত্র সরকার স্বীকার করছে না। সংসদে বারবার তেলের পর্যাপ্ত মজুত থাকার দাবি করা হলেও বাস্তবে সাধারণ মানুষ দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকছে। তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, সংসদে সমস্যার বিষয়ে জানতে চাইলেও সদুত্তর পাওয়া যায়নি, অথচ মানুষ অন্ধকারে দিন কাটাচ্ছে। তাই এর প্রতিবাদ হিসেবেই তিনি জনগণের হাতে মোমবাতি তুলে দিয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের মতে, বর্তমানে লোডশেডিংয়ের মাত্রা চরমে পৌঁছেছে, যার ফলে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে তীব্র গরমে শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক বিঘ্ন ঘটছে। এই সংকটময় পরিস্থিতিতে সংসদ সদস্যের এমন ব্যতিক্রমী প্রতিবাদকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে তারা দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

এসআর

সম্পর্কিত খবর