[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

হাসনাত আবদুল্লাহর বাসায় সেনা অভিযানের সত্যতা জানা গেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ মার্চ ২০২৬ ১১:৪২ এএম

সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় কুমিল্লা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বাসায় সেনাবাহিনী অভিযান চালিয়ে বিপুল অস্ত্র উদ্ধার করেছে এবং তিনজনকে গ্রেফতার করেছে।

তবে অনুসন্ধানে এ দাবির সত্যতা পাওয়া যায়নি।
ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের তদন্তে জানা গেছে, ভাইরাল হওয়া ভিডিওটির সঙ্গে হাসনাত আবদুল্লাহর বাসায় কোনো অভিযানের সম্পর্ক নেই। বাস্তবে এটি সাভারে যৌথ বাহিনীর একটি অভিযানের দৃশ্য।


অনুসন্ধানে দেখা যায়, গত ৯ ফেব্রুয়ারি একাত্তর টেলিভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনের সঙ্গে সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিওটির দৃশ্যের মিল রয়েছে। ওই প্রতিবেদনে সাভারে পরিচালিত একটি অভিযানের চিত্র তুলে ধরা হয়েছিল।
প্রতিবেদন অনুযায়ী, ওই অভিযানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা নাহিদসহ তিনজনকে অস্ত্রসহ আটক করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি অস্ত্র এবং কিছু গোলাবারুদও উদ্ধার করা হয়।


এছাড়া হাসনাত আবদুল্লাহর বাসায় সেনা অভিযান চালানোর বিষয়ে দেশের মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।
সব মিলিয়ে যাচাই-বাছাইয়ে দেখা গেছে, সাভারে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানের ভিডিওকে ভুলভাবে হাসনাত আবদুল্লাহর বাসায় অভিযান বলে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

এসআর

সম্পর্কিত খবর