[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার দাবি জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১:০৫ পিএম

সংগৃহীত ছবি

ঢাকা ও নরসিংদীতে সাম্প্রতিক ধর্ষণ ও হত্যার ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ডা. শফিকুর রহমান।

পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।


শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে বক্তব্য দেন। সেখানে তিনি রাজধানীতে এক শিশুকে নির্যাতনের পর হত্যা, নরসিংদীতে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ এবং হাজারীবাগে এক স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। এসব ঘটনা দেশজুড়ে ক্ষোভ ও শোকের সৃষ্টি করেছে বলেও উল্লেখ করেন তিনি।


পোস্টে তিনি অভিযোগ করেন, কিছু ক্ষেত্রে রাজনৈতিক সংশ্লিষ্টতা ও প্রশাসনিক শৈথিল্যের বিষয় সামনে আসছে। অপরাধীদের বিচারের বদলে ভুক্তভোগী পরিবারের ওপর চাপ সৃষ্টি বা মামলা ভিন্নখাতে নেওয়ার চেষ্টা হলে তা মানবাধিকার লঙ্ঘনের শামিল বলে মন্তব্য করেন তিনি।


জামায়াত আমির বলেন, ন্যায়বিচারের প্রশ্নে কোনো আপস নয়—এমন অবস্থান থেকেই দ্রুত, স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা, চিকিৎসা সহায়তা, আইনি সহযোগিতা ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।


সবশেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর