[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

প্রতিদ্বন্দ্বীর ভোট নিয়ে প্রশ্ন মির্জা আব্বাসের, তুললেন ‘ইঞ্জিনিয়ারিং’ অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ৯:২২ পিএম

সংগৃহীত ছবি

ঢাকা-৮ আসনে জয়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রাপ্ত ভোট নিয়ে প্রশ্ন তুলেছেন।

তিনি অভিযোগ করেন, নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে এবং সে কারণেই প্রতিপক্ষ উল্লেখযোগ্য ভোট পেয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে রাজধানীর শাহজাহানপুরে পারিবারিক কবর জিয়ারত করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস পেয়েছেন ৫৯ হাজার ৩৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট।
প্রতিদ্বন্দ্বীর ভোটের পরিমাণ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের আগে থেকেই তার আশঙ্কা ছিল যে কারচুপি হতে পারে। তার দাবি, প্রতিপক্ষ বিশেষ কৌশলে ভোট বাড়িয়েছে, যা পরে স্পষ্ট হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, “যাদের তেমন জনসমর্থন নেই, তারা এত ভোট পেল কীভাবে?”


বিএনপির সামগ্রিক জয় নিয়ে প্রতিক্রিয়ায় মির্জা আব্বাস বলেন, ব্যক্তিগতভাবে তিনি আনন্দিত এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে দলকে বিজয়ী করেছে। তিনি আশা প্রকাশ করেন, এই রায়ের প্রতিফলন জনগণ পাবে।


দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র সঙ্গে রাজনীতি করেছেন। এখন তাদের পরবর্তী প্রজন্মের নেতৃত্বে কাজ করতে পারাকে তিনি ইতিবাচকভাবেই দেখছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর