[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট হলে ফল মেনে নেবে বিএনপি: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ৮:০২ এএম

সংগৃহীত ছবি

নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলে তার ফলাফল মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, ভোট যদি বিতর্কমুক্ত ও গ্রহণযোগ্য হয়, তাহলে তা প্রত্যাখ্যানের কোনো কারণ নেই।

তবে শর্ত একটাই—নির্বাচনী পরিবেশ হতে হবে নিরপেক্ষ ও সহিংসতামুক্ত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে দলের কার্যালয়ে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


তারেক রহমান ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, দীর্ঘ সময় পর মানুষ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে, ফলে ভোটারদের মধ্যে স্বাভাবিকভাবেই উৎসাহ রয়েছে। একটি সুন্দর পরিবেশ বজায় থাকলে জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের মতামত প্রকাশ করতে পারবে।


তিনি জানান, সকালে রাজধানীর কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছেন। কিছু স্থানে অপ্রত্যাশিত ঘটনার খবর গণমাধ্যমে দেখেছেন বলেও উল্লেখ করেন তিনি। তার দাবি, একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।


জয়ের ব্যাপারে প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান বলেন, দল বিজয়ের ব্যাপারে আশাবাদী। কতটি আসনে জয় পেলে সন্তুষ্ট হবেন—এমন প্রশ্নে তিনি বলেন, দেশ পরিচালনার মতো সংখ্যাগরিষ্ঠতা পেলেই তা যথেষ্ট হবে।


নির্বাচনে জয়ী হলে জাতীয় সরকার গঠনের সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, যেসব দল ও নেতাদের সঙ্গে আন্দোলন-সংগ্রামে ছিলেন, তাদের নিয়ে সমন্বিতভাবে দেশ পরিচালনার ইচ্ছা রয়েছে।


ভোট গণনায় বিলম্বের আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, ফল প্রকাশে অযথা দেরির কোনো কারণ দেখেন না। জনগণ দ্রুত ফল জানতে চায়, তাই নির্বাচন কমিশনেরও উচিত দ্রুততার সঙ্গে ফলাফল প্রকাশ করা।

এসআর

সম্পর্কিত খবর