[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

কখন ভোট দেবেন তারেক রহমান, সময়সূচি জানাল বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ৬:২২ পিএম

সংগৃহীত ছবি

বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভোট দেবেন বলে জানিয়েছে দলটি।

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রেই তিনি ভোটাধিকার প্রয়োগ করবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে তারেক রহমান কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।


এদিকে নির্বাচনের আগের সন্ধ্যায় ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন জানিয়ে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।


সমর্থন দেওয়া প্রার্থীদের মধ্যে তিনজন স্বতন্ত্র—ডাব প্রতীকের শামীম আহমেদ, আনারস প্রতীকের মো. রাশেদুল হক এবং আপেল প্রতীকের মঞ্জুর হুমায়ুন।

এছাড়া বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ, যিনি টেলিভিশন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, তিনিও তারেক রহমানকে সমর্থনের ঘোষণা দেন।


বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, চার প্রার্থীর মধ্যে দু’জন সরাসরি সাক্ষাৎ করে সমর্থনের কথা জানিয়েছেন, আর দু’জন ঢাকার বাইরে থাকায় টেলিফোনে তাদের অবস্থান জানান।


বিএনএফ সভাপতি আবুল কালাম আজাদ বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয়তাবাদী শক্তির বিজয় নিশ্চিত করাকে তিনি জরুরি মনে করেন বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন।


অন্যদিকে ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমেদ জানান, তিনি ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তার সমর্থকদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি।


ঢাকা-১৭ আসনে শেষ মুহূর্তের এ সমর্থন ঘোষণাকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এসআর

সম্পর্কিত খবর