[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

জামায়াত আমিরের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে সিইসির কাছে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ৪:১৪ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন দেশের বিভিন্ন নারী নেত্রী ও নারী অধিকারকর্মীরা।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে তারা এই আবেদনপত্র দেন। ডা. শফিকুর রহমানের ভ্যারিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে নারীদের বিষয়ে করা মন্তব্যকে কেন্দ্র করেই এ দাবি উত্থাপন করা হয়েছে।


আবেদনকারীদের অভিযোগ, সংশ্লিষ্ট অ্যাকাউন্ট থেকে প্রকাশিত বক্তব্য নারীদের প্রতি অবমাননাকর ও নারীবিদ্বেষী। যদিও পরে জামায়াতের পক্ষ থেকে ওই মন্তব্যকে ‘অ্যাকাউন্ট হ্যাকিং’-এর ফল বলে দাবি করা হয়, তবে আবেদনকারীরা এই ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন।


গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু সাংবাদিকদের বলেন, একজন শীর্ষ রাজনৈতিক নেতার কাছ থেকে এমন বক্তব্য শুধু অনভিপ্রেত নয়, বরং তা সংবিধানস্বীকৃত নারী মর্যাদা ও সমতার নীতির পরিপন্থী।


লিখিত আবেদনে উল্লেখ করা হয়, কর্মজীবী নারীদের নিয়ে করা ওই মন্তব্য কুরুচিপূর্ণ এবং দেশের লাখো শ্রমজীবী নারীর আত্মসম্মান ও সামাজিক অবদানকে হেয় করার শামিল। এ ধরনের বক্তব্য সমাজে নারীর প্রতি বিদ্বেষ ও বৈষম্যকে আরও উসকে দিতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।


আবেদনে আরও বলা হয়, তথাকথিত হ্যাকিংয়ের বিষয়ে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যম কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা, তদন্ত প্রতিবেদন বা প্রমাণ এখনো প্রকাশ করা হয়নি। ফলে ওই দাবি প্রশ্নবিদ্ধ থেকেই যাচ্ছে।


আবেদনকারীদের মতে, রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বে থাকা কোনো ব্যক্তির কাছ থেকে এমন দায়িত্বহীন মন্তব্য নারীর নিরাপত্তা, মর্যাদা ও কর্মপরিবেশের জন্য হুমকিস্বরূপ এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।


সিইসির সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি শবনম হাফিজ, এনপিএর মুখপাত্র ফেরদৌস আরা রুমী, নারীর রাজনৈতিক অধিকার ফোরামের সংগঠক নাফিসা রায়হানা এবং আইনজীবী ও মানবাধিকারকর্মী তাবাসসুম মেহেনাজ মিমি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর