[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

কবর জিয়ারত শেষে রংপুরের জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬ ৩:১৮ পিএম

সংগৃহীত ছবি

দীর্ঘ প্রায় দুই দশক পর রংপুর সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার বিকেলে তিনি শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন এবং পরে রংপুর নগরীতে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিকেল ৩টা ৪৫ মিনিটে বগুড়া থেকে পীরগঞ্জ উপজেলার বাবনপুরে পৌঁছে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। এরপর তিনি রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিতব্য জনসভায় অংশ নেবেন। আয়োজকদের আশা, বিকেল সাড়ে ৪টার দিকে আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হবে।

এই জনসভাকে ঘিরে রংপুরজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সকাল থেকেই বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরে আসতে শুরু করেন। জুমার নামাজের পর জনসমাগম আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

মাঠ পরিদর্শনে দেখা গেছে, কালেক্টরেট ঈদগাহ মাঠে মঞ্চ নির্মাণের কাজ শেষ হয়েছে। জনসভাস্থলে একাধিক বড় এলইডি স্ক্রিন বসানো হয়েছে, যাতে দূরের মানুষও বক্তব্য দেখতে ও শুনতে পারেন। নগরীর গুরুত্বপূর্ণ মোড় ও সড়কগুলোতেও মাইক ও স্ক্রিন স্থাপন করা হয়েছে।

জনসভাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। মহানগর পুলিশ জানিয়েছে, তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ ও ছাদে অবস্থানরত নিরাপত্তা সদস্যরা দায়িত্ব পালন করছেন। নগরীর বিভিন্ন তল্লাশিচৌকিতে নজরদারি বাড়ানো হয়েছে।

মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, জনসভা এলাকা ও চলাচলের রাস্তাগুলো নিরাপদ রাখতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে রংপুর চেম্বার ভবনে সংবাদ সম্মেলন করে বিএনপি। সেখানে দলের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে রংপুর অঞ্চলে বিএনপির পক্ষে ব্যাপক জনসমর্থন তৈরি হয়েছে, যা জনসভায় প্রতিফলিত হবে।

তিনি আরও বলেন, বৃহত্তর রংপুর দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চনার শিকার। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, বিমানবন্দর চালু, ভারী শিল্পে গ্যাস সংযোগ, কৃষিভিত্তিক শিল্প স্থাপন, অর্থনৈতিক অঞ্চল গঠন এবং শহীদ আবু সাঈদের নামে একটি বড় প্রতিষ্ঠান প্রতিষ্ঠার দাবিসহ বিভিন্ন বিষয় তারেক রহমানের কাছে তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য, রাজশাহী থেকে উত্তরাঞ্চল সফর শুরু করেছেন তারেক রহমান। এরই মধ্যে রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় আয়োজিত জনসভাগুলোতে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর