আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার রক্ষায় সর্বাত্মক প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেছেন, ভোটের অধিকার হরণের অপচেষ্টা এখনো থেমে নেই। তাই ভোটের দিন সবাইকে তাহাজ্জুদ নামাজ আদায় করে একযোগে ভোটকেন্দ্রে গিয়ে ব্যালট বাক্সের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নওগাঁর এটিম মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ একসময় ভোট দেওয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। সেই অধিকার ফিরিয়ে আনতে দীর্ঘ আন্দোলন-সংগ্রামে বহু মানুষ নির্যাতনের শিকার হয়েছেন, অনেক পরিবার ত্যাগ স্বীকার করেছে।
তিনি আরও বলেন, ভোটের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র এখনও সক্রিয় রয়েছে। একটি পক্ষ দেশ ছেড়ে পালালেও আরেকটি গোষ্ঠী অতীত ও বর্তমান—সব সময়ই ক্ষমতার কাছাকাছি থেকেছে। গত ১৬ বছরে গণতান্ত্রিক আন্দোলনে তাদের ভূমিকা ছিল না বলেও অভিযোগ করেন তিনি।
ভোটের দিনের করণীয় সম্পর্কে নির্দেশনা দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ভোটের দিন ভোরে তাহাজ্জুদ নামাজ পড়ে নিজ নিজ এলাকার মানুষকে সঙ্গে নিয়ে কেন্দ্রে যেতে হবে। মুসলমানরা সেখানে জামাতে নামাজ আদায় করবেন এবং অন্যান্য ধর্মের ভোটারদেরও সঙ্গে রাখতে হবে।
তিনি জানান, সকাল ৭টায় ভোটকেন্দ্র খুলবে এবং কোনো দেরি না করে তখনই ভোট প্রদান শুরু করতে হবে।
২০০৮ সালের নির্বাচনের অভিজ্ঞতার কথা স্মরণ করে তারেক রহমান বলেন, অতীতে খালি ব্যালট বাক্স দেখিয়ে পরে ভরা বাক্স দেখানোর নজির রয়েছে। তাই এমন পরিস্থিতি যেন আবার না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
ভোট কারচুপির সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, অনেক সময় কেন্দ্রে লাইন থাকলেও তা এগোয় না—এমন পরিস্থিতি দেখলে বুঝতে হবে ভেতরে অনিয়ম হচ্ছে। এসব বিষয়ে চোখ-কান খোলা রাখতে হবে।
তারেক রহমান বলেন, এটি শুধু একটি নির্বাচন নয়; এটি দেশের মানুষের ভোটাধিকার রক্ষার লড়াই। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।
জনসভা শেষে নওগাঁ ও জয়পুরহাট জেলার ধানের শীষ প্রতীকের আটজন প্রার্থীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে তিনি বগুড়ার উদ্দেশে রওনা দেন, যেখানে রাতে আরেকটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।
এর আগে একই দিন দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত জনসভায় তিনি বক্তব্য দেন। ওই সমাবেশে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সংসদীয় আসনের প্রার্থী ও বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসআর
মন্তব্য করুন: