ভোটের প্রচারণায় নারীদের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর
আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মা-বোনদের মর্যাদা রক্ষায় কোনো আপস করা হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "যারা মায়ের গায়ে হাত তুলেছ, তারা ক্ষমা চাও। ভবিষ্যতে এমন দুঃসাহস দেখালে আমরা গালে হাত দিয়ে বসে থাকব না, বরং দাঁতভাঙা জবাব দেব।"
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুরে মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে ঢাকা-১৫ আসন আয়োজিত এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারীদের জন্য বিশেষ নির্বাচনী প্রতিশ্রুতি
ডা. শফিকুর রহমান তার বক্তব্যে রাষ্ট্র পরিচালনায় নারীদের জন্য বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপের কথা তুলে ধরেন:
কর্মঘণ্টা হ্রাস: কর্মজীবী মায়েদের সুবিধার্থে ডিউটি পাঁচ ঘণ্টা করার প্রস্তাব দেন তিনি, যাতে তারা পরিবার ও সন্তানকে পর্যাপ্ত সময় দিতে পারেন।
ডে-কেয়ার ও নিরাপত্তা: কর্মক্ষেত্রে ডে-কেয়ার সেন্টার, বেবি কর্নার এবং নারীদের জন্য নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
পাবলিক সুবিধা: মার্কেট ও জনসমাগমস্থলে নারীদের জন্য পর্যাপ্ত ওয়াশরুম ও নামাজের জায়গা নিশ্চিত করা হবে।
গণভোট ও নির্বাচনী আহ্বান
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোট প্রসঙ্গে জামায়াত আমির বলেন, "গণভোটে 'হ্যাঁ' ভোট দেওয়া মানেই হলো বাংলাদেশের আজাদি এবং ফ্যাসিবাদের চিরবিদায়। আমাদের লক্ষ্য ১৮ কোটি মানুষের বিজয় নিশ্চিত করা, যেখানে কোনো ধর্ম-বর্ণের বৈষম্য থাকবে না।
তিনি আরও যোগ করেন, বেকার ভাতা দেওয়া যুবসমাজের জন্য অপমানের শামিল। তাই তার দল ক্ষমতায় এলে ভাতার পরিবর্তে যুবকদের হাতে সম্মানজনক কাজ তুলে দেবে।
ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং নারী বিভাগের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন নির্বাচনে ঢাকা-১৫ আসনে 'দাঁড়িপাল্লা' প্রতীকে ভোট দিয়ে ইনসাফ কায়েমের আহ্বান জানান।
এসআর
মন্তব্য করুন: