আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নিতে
ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে গুলশানের বাসভবন থেকে সড়কপথে তার গাড়ি বহর ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ দুপুর আড়াইটায় ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান।
ময়মনসিংহের কর্মসূচি শেষে ঢাকায় ফেরার পথে তিনি আরও দুটি জনসভায় অংশ নেবেন। এর মধ্যে সন্ধ্যা ৬টায় গাজীপুরের রাজবাড়ী মাঠ এবং রাত ৭টায় রাজধানীর উত্তরা আজমপুর ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
দীর্ঘ প্রায় ২২ বছর পর তারেক রহমানের ময়মনসিংহে এই সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সমাবেশ সফল করতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: