[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

বিএনপি ক্ষমতায় এলে প্রাথমিক শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬ ৫:২১ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করলে প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

একই সঙ্গে শিক্ষকদের দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।


শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে আয়োজিত ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সম্মানে অনুষ্ঠিত ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তারেক রহমান বলেন, পড়াশোনাকে শিশুদের জন্য আনন্দময় করে তুলতে হবে। শিক্ষা সহজ ও আকর্ষণীয় হলে শিশুরা স্বাভাবিকভাবেই শেখার প্রতি আগ্রহী হবে। তিনি জানান, বিএনপি শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে সাজাতে চায়—যেখানে একাডেমিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা, শিল্প ও সংস্কৃতিও বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত থাকবে। খেলাধুলায়ও উত্তীর্ণ হওয়ার ব্যবস্থা থাকবে বলে তিনি উল্লেখ করেন।


শিক্ষাব্যবস্থায় এই পরিবর্তনের মাধ্যমে শিশুদের অতিরিক্ত ইন্টারনেট আসক্তি থেকে দূরে রাখা সম্ভব হবে বলে মত দেন বিএনপি চেয়ারম্যান। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নিয়ে আলাদা সমন্বিত টিম গঠনের পরিকল্পনার কথাও জানান তিনি।


এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, শুধু অবকাঠামো নির্মাণ করলেই চলবে না, শিক্ষকদের মান উন্নয়ন জরুরি। শিশুদের ছোটবেলা থেকেই নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে। শিশুদের নিয়ে বিএনপির আলাদা ও সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।


সরকারি বিভিন্ন সামাজিক প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, অনেক উদ্যোগ থাকলেও সেগুলো সমন্বিত নয়। ‘ফ্যামিলি কার্ড’ ব্যবস্থার মাধ্যমে এসব সুবিধা এক জায়গায় আনার পরিকল্পনা রয়েছে বিএনপির।


অর্থনীতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে উৎপাদন বাড়াতে হবে। উৎপাদক ও ভোক্তার মাঝখানে মধ্যস্বত্বভোগীরা থাকা স্বাভাবিক হলেও অনৈতিকভাবে কেউ মুনাফা করলে তা রোধ করা হবে। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণেও পণ্যের দাম বাড়ে উল্লেখ করে কৃষকদের প্রণোদনার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নের ওপর জোর দেন তিনি।


তিনি আরও বলেন, যেকোনো উন্নয়ন পরিকল্পনার মূল ভিত্তি হবে জনগণের নিরাপত্তা ও দুর্নীতিমুক্ত প্রশাসন। এসব নিশ্চিত করা গেলে অন্যান্য সমস্যার সমাধান সহজ হবে।


নগর ব্যবস্থাপনা প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, ঢাকাকেন্দ্রিক শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের কারণে যানজট ভয়াবহ রূপ নিয়েছে। এ সমস্যা সমাধানে ঢাকার বাইরে স্যাটেলাইট টাউন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যেখানে শিক্ষা ও স্বাস্থ্যসেবার পূর্ণ সুবিধা থাকবে।


গণপরিবহন নিয়ে তিনি বলেন, মেট্রোরেল চালু হলেও এটি ব্যয়বহুল ও জায়গা সাপেক্ষ। বিকল্প হিসেবে মনোরেল ব্যবস্থাকে কার্যকর সমাধান হিসেবে দেখা হচ্ছে, যা ছোট বগির মাধ্যমে রাজধানীর বিভিন্ন অংশের সঙ্গে সহজে সংযুক্ত করা যাবে।


প্রবাসী শ্রমিকদের বিষয়ে তারেক রহমান বলেন, দক্ষতা ছাড়াই অনেক তরুণ বিদেশে যাচ্ছেন। তাদের দক্ষ করে গড়ে তুলতে বিএনপি পরিকল্পনা গ্রহণ করেছে। পাশাপাশি প্রবাসীরা বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠালে তাদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থাও বিবেচনায় রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর