প্রায় দুই দশক পর চট্টগ্রাম সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রচারণার অংশ হিসেবেই এই সফর বলে জানিয়েছে বিএনপি।
শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বিমানযোগে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান।
মাহদী আমিন বলেন, সফরের দ্বিতীয় দিনে তারেক রহমান তরুণদের অংশগ্রহণে আয়োজিত একটি যুবনীতি বিষয়ক সংলাপে অংশ নেবেন। একই অনুষ্ঠানে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ব্যারিস্টার জাইমা রহমান রিলস মেকিং প্রতিযোগিতায় বিজয়ী তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন।
তিনি আরও বলেন, সিলেট অঞ্চলে সাম্প্রতিক সফরে বিএনপি ব্যাপক সাড়া পেয়েছে। এ জন্য দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারেক রহমান।
মাহদী আমিন দাবি করেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে সরকারি ব্যবস্থাপনায় বিনামূল্যে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হবে। ভারতের সঙ্গে কোনো গোপন সমঝোতার অভিযোগকে তিনি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার হিসেবে উল্লেখ করেন।
এদিকে চট্টগ্রামে নির্বাচনি সমাবেশের প্রস্তুতি পরিদর্শন শেষে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন জানান, নির্ধারিত সময়ের আগেই মঞ্চসহ সব আয়োজন সম্পন্ন হবে।
তিনি বলেন, সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনায় বিএনপির নিজস্ব নিরাপত্তা ইউনিট ‘চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স’ (সিএসএফ) চট্টগ্রামে দায়িত্ব পালন করবে।
এসআর
মন্তব্য করুন: