[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

একটি দল ভারতের সঙ্গে আপস করে বাংলাদেশকে বিক্রি করে দিতে চায়: তাহের

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬ ৩:৩০ এএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করে বলেছেন, একটি রাজনৈতিক দল নতুন করে ভারতের সঙ্গে সমঝোতার মাধ্যমে আবারও ক্ষমতায় গিয়ে দেশকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে।

তবে দেশের বিপুলসংখ্যক তরুণ জনগোষ্ঠী এই অপচেষ্টা মেনে নেবে না বলে তিনি মন্তব্য করেন। 

শুক্রবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা স্কুল মাঠে জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ডা. তাহের বলেন, আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণ করবে। এই নির্বাচনের মাধ্যমে জুলাই বিপ্লবের চেতনা ও স্বাধীনতার আকাঙ্ক্ষা বজায় থাকবে, নাকি দেশ আবারও কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের দিকে ফিরে যাবে—তা জনগণ সিদ্ধান্ত নেবে।


তিনি জানান, জামায়াতে ইসলামীসহ ইসলামী দলগুলোকে নিয়ে গঠিত ১১ দলীয় জোট নির্বাচনে অংশ নিচ্ছে, যেখানে জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত তরুণ নেতৃত্বও রয়েছে। জনগণের সমর্থন পেলে দুর্নীতিমুক্ত সরকার গঠনের অঙ্গীকার করেন তিনি। তাহের বলেন, চাঁদাবাজি, দখলদারি ও দুর্নীতির বিরুদ্ধে তাদের অবস্থান কঠোর থাকবে এবং এসব অনিয়মের সঙ্গে জড়িতদের জনগণ আর ভোট দেবে না।


তিনি আরও বলেন, তথাকথিত ফ্যামিলি কার্ড বিতরণ বেআইনি এবং এটি নির্বাচনী আচরণবিধির পরিপন্থী বলে নির্বাচন কমিশন ইতোমধ্যে জানিয়েছে।


সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে দেবীদ্বার আসনের জামায়াত জোটপ্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আগামী দিনে মত প্রকাশের স্বাধীনতার পাশাপাশি ভিন্নমতের অধিকারও নিশ্চিত করতে হবে। তিনি নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো অনিয়মের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।


অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সমাবেশে সভাপতিত্ব করেন শিল্পপতি মহিউদ্দিন ভুঁইয়া নইম এবং সঞ্চালনা করেন মোহাম্মদ ইউসুফ। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর