ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে রাষ্ট্রক্ষমতায় গেলে বাংলাদেশজুড়ে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন ও নতুন করে খননের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ ঘোষণা দেন।
তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি একসময় দেশের গ্রামীণ অর্থনীতি ও কৃষি ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে খাল দখল ও ভরাটের কারণে জলাবদ্ধতা ও পরিবেশগত সংকট প্রকট আকার ধারণ করেছে। এ বাস্তবতায় খাল খনন আবারও সময়ের দাবি হয়ে উঠেছে।
ঢাকার পরিবেশ পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর দেশে ফিরে এসে তিনি লক্ষ্য করেছেন নগরীর সবুজ কমে গেছে, প্রকৃতি অনেকটাই শুষ্ক হয়ে পড়েছে। এই পরিস্থিতি পরিবর্তনে বিএনপি সরকার গঠন করতে পারলে পাঁচ বছরে সারাদেশে অন্তত ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
তিনি আরও জানান, প্রতিটি উপজেলায় সরকারি ও বেসরকারি নার্সারির সক্ষমতা বাড়িয়ে পরিকল্পিত বনায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করা হবে।
রাজনৈতিক সংস্কৃতির প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, রাজনীতিতে সমালোচনা থাকবে, তবে কেবল সমালোচনার মধ্যেই সীমাবদ্ধ না থেকে সংকট সমাধানে বাস্তবভিত্তিক আলোচনা ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
অনুষ্ঠানে তিনি পরিবহন, ক্রীড়া ও শিক্ষা খাত নিয়েও বক্তব্য রাখেন। গণপরিবহন উন্নয়নের মাধ্যমে যানজট কমানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পাশাপাশি ক্রীড়াকে পেশা হিসেবে গড়ে তুলতে শিক্ষাব্যবস্থায় সংস্কার এবং শিক্ষার্থীদের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও জানান।
এসআর
মন্তব্য করুন: