রাজধানীর কড়াইল বস্তির বাসিন্দাদের জন্য পরিকল্পিত আবাসন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
তিনি জানান, এলাকায় বসবাসকারীদের জন্য ছোট আকারের ফ্ল্যাট নির্মাণের পাশাপাশি একটি ক্লিনিক স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে মহাখালী টিঅ্যান্ডটি মাঠে আয়োজিত এক দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জীবিত থাকাকালে নারী শিক্ষার প্রসারে বিভিন্ন বিনামূল্যের কর্মসূচি গ্রহণ করেছিলেন। একইভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বেও দেশ ও জনগণ নানাভাবে উপকৃত হয়েছে।
কড়াইল বস্তির বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, রাজনৈতিক পরিচয়ের চেয়েও বড় বিষয় হলো জনগণের সঙ্গে সম্পর্ক। তিনি দাবি করেন, দেশের মানুষের কল্যাণেই তিনি রাজনীতিতে যুক্ত রয়েছেন।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, নারীদের স্বাবলম্বী করা ও নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হবে। কৃষকদের জন্যও একই ধরনের কার্ড দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। জনগণ সুযোগ দিলে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
কড়াইলের শিশুদের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, এখানকার সন্তানরা যেন মানসম্মত শিক্ষা পায়, বিদেশি ভাষা শেখার সুযোগ পায় এবং উন্নত চিকিৎসাসেবার আওতায় আসে—সে লক্ষ্যেই শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
আবাসন সংকটের কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, সবাই যেন সম্মানজনকভাবে বসবাস করতে পারে, সেজন্য পরিকল্পিতভাবে ছোট ছোট ফ্ল্যাট নির্মাণের চিন্তাভাবনা রয়েছে। পাশাপাশি বিএনপি ক্ষমতায় এলে কড়াইল এলাকায় একটি ক্লিনিক স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।
নিজের অতীত স্মৃতির কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, একসময় তিনি ক্যান্টনমেন্ট এলাকায় বসবাস করতেন। সেই বাড়ি যেভাবে ভেঙে ফেলা হয়েছিল, সেই অভিজ্ঞতা সাধারণ মানুষের কষ্ট বুঝতে তাকে সহায়তা করেছে। সে কারণেই তিনি কড়াইলবাসীর পাশে দাঁড়াতে চান বলে মন্তব্য করেন।
বক্তব্যের শেষাংশে তিনি মহান মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে কড়াইলবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, সবার দোয়া ও আল্লাহর রহমত থাকলে এসব উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হবে।
এসআর
মন্তব্য করুন: