ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে
জাতীয় নাগরিক পার্টির দুই প্রার্থীকে শোকজ করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।
ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম এবং ঢাকা-৮ আসনের প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিশাল আকৃতির রঙিন বিলবোর্ড টানিয়ে আগাম প্রচারণা চালানোর অভিযোগ ওঠে। রোববার (১৮ জানুয়ারি) এ বিষয়ে তাদের শোকজ নোটিশ দেওয়া হয়।
রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, ঢাকা-১১ ও ঢাকা-৮ আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রার্থীদের নিজস্ব ছবি ও স্লোগান সংবলিত বড় আকারের বিলবোর্ড নজরে এসেছে, যা জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালা, ২০২৫-এর পরিপন্থী।
আচরণবিধির ১৮ নম্বর বিধি অনুযায়ী, ভোটগ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে কোনো প্রার্থী বা তাদের পক্ষে কেউ নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। কিন্তু নির্ধারিত সময়ের আগেই এসব বিলবোর্ড টানানো হয়েছে বলে অভিযোগ করা হয়।
এ কারণে আগামী ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার মধ্যে সংশ্লিষ্ট সব বিলবোর্ড অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না—সে বিষয়ে একই দিন সকাল ১১টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিত জবাব দাখিল করতে বলা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: