[email protected] শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
১৬ ফাল্গুন ১৪৩২

জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির দুই দিনের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬ ৪:২৩ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর

 রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী ১৯ জানুয়ারি (সোমবার) তার জন্মদিন।


রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, জন্মবার্ষিকী উপলক্ষে দলীয়ভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।


কর্মসূচির অংশ হিসেবে ১৯ জানুয়ারি সকাল ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ জিয়াউর রহমানের মাজারে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ সব পর্যায়ের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।


পরদিন ২০ জানুয়ারি বেলা ১১টায় ঢাকার কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের পাশাপাশি দেশের বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখবেন।


এ ছাড়া জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের সব দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হবে। একই সঙ্গে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।


জন্মবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক ও বহুদলীয় গণতন্ত্রের পথপ্রদর্শক। মহান মুক্তিযুদ্ধে তার অবদান ও নেতৃত্ব জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।


তিনি বলেন, একজন সাহসী মুক্তিযোদ্ধা হিসেবে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে জাতিকে প্রতিরোধের পথে এগিয়ে নেন এবং দীর্ঘ নয় মাস যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে রাষ্ট্রক্ষমতায় এসে তিনি গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা এবং অর্থনৈতিক পুনর্গঠনে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেন।


মির্জা ফখরুল আরও বলেন, কৃষি, শিক্ষা ও শিল্প খাতে বিপ্লবী পরিবর্তনের মাধ্যমে দেশকে স্বনির্ভর করার লক্ষ্যে জিয়াউর রহমান যে উদ্যোগ নিয়েছিলেন, তা আজও দেশের উন্নয়নের ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হয়।
তিনি শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর