বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে একই দিনে তারেক রহমানের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন ঢাকায় দায়িত্বপ্রাপ্ত নেপাল ও ভুটানের রাষ্ট্রদূতরা। বিকেল ৪টার দিকে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি গুলশান কার্যালয়ে পৌঁছে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে বসেন।
ওই আলোচনায় দুই দেশের পারস্পরিক বন্ধুত্ব, সহযোগিতামূলক সম্পর্ক এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে মতবিনিময় হয় বলে জানা গেছে।
নেপালের রাষ্ট্রদূতের বৈঠক শেষ হওয়ার পরপরই বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি। তিনি তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। বৈঠকে বাংলাদেশ ও ভুটানের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক এবং সাংস্কৃতিক যোগাযোগ জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকগুলোতে রাষ্ট্রদূতরা বাংলাদেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ উন্নয়ন প্রসঙ্গে বিএনপির দৃষ্টিভঙ্গি সম্পর্কে অবহিত হন। এ সময় বিএনপি নেতারা দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
উল্লেখিত বৈঠকগুলোতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং যুগ্ম মহাসচিব ও বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির উপস্থিত ছিলেন
এসআর
মন্তব্য করুন: