[email protected] শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
১৬ ফাল্গুন ১৪৩২

দায়িত্বশীল রাজনৈতিক শক্তি হিসেবে ধৈর্য ধরতে চায় বিএনপি: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬ ৪:৪১ পিএম

বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বর্তমান পরিস্থিতিতে ধৈর্য ও সংযমের

 পথেই এগোতে চায় বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।


শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের চীন–মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’-এর উদ্যোগে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


তারেক রহমান বলেন, সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশনের কিছু ভূমিকা ও অবস্থান নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এসব বিষয় নিয়ে উদ্বেগ থাকলেও একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি ধৈর্যের পরিচয় দিতে চায়।


তিনি আরও জানান, শহীদদের আত্মত্যাগ জাতির স্মৃতিতে ধরে রাখতে বিএনপি ভবিষ্যতের জন্য কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। তবে নির্বাচন কমিশনের কিছু বিধিনিষেধের কারণে এসব পরিকল্পনার বিস্তারিত এখনই প্রকাশ করা সম্ভব হচ্ছে না।


রাষ্ট্রীয় সহিংসতার শিকার পরিবারগুলোর প্রতি সহানুভূতি জানিয়ে তারেক রহমান বলেন, এসব পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সহায়তা দেওয়ার প্রয়োজন রয়েছে। তার মতে, গণতন্ত্রপ্রিয় ও স্বাধীনতাকামী মানুষের সামনে একটি মানবিক ও দায়বদ্ধ রাষ্ট্র গড়ার সুযোগ এসেছে। তবে কিছু মহল ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি সৃষ্টি করে গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলেও তিনি মন্তব্য করেন।


তিনি গণতন্ত্রে বিশ্বাসী সকল মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, নানা অজুহাতে যারা বিতর্ক তৈরি করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করতে চায়, তাদের অপচেষ্টা যেন সফল না হয়।


ন্যায়বিচার ও নির্যাতিত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারে—এমন একটি গণতান্ত্রিক সরকার গঠনের ওপর গুরুত্বারোপ করেন বিএনপি চেয়ারম্যান। শহীদ পরিবারগুলোর ত্যাগের কথা স্মরণ করে তিনি সবাইকে ধৈর্য ও সচেতন থাকার আহ্বান জানান, যাতে দেশের চলমান গণতান্ত্রিক যাত্রা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়।


সভায় গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং এসব ঘটনার সুষ্ঠু বিচার ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর