বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দাবি করেছেন, নির্বাচনকে ঘিরে একটি রাজনৈতিক দল ও নির্বাচন কমিশন (ইসি) মিলিয়ে এমন পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে, যাতে পুরো নির্বাচন প্রক্রিয়া বিতর্কিত হয়ে ওঠে।
তবে বিএনপি সে ধরনের কোনো সুযোগ সৃষ্টি হতে দেবে না বলে তিনি স্পষ্টভাবে জানান।
শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি কোনো ষড়যন্ত্রের অংশ হবে না এবং কাউকেই এমন সুযোগ করে দেবে না। তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, এ বিষয়ে দলের অবস্থান স্পষ্ট ও দৃঢ়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপি পরিবার’ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
তারেক রহমানের উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে শান্তি বজায় রাখার স্বার্থে বিএনপি পূর্বনির্ধারিত কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছিল। তবে কিছু রাজনৈতিক মহল এবং ইসি সেটিকে দলের দুর্বলতা হিসেবে দেখছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বিএনপির এই পদক্ষেপ দায়িত্বশীলতা ও সৌজন্যের পরিচয় হলেও অন্য পক্ষগুলোর উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং নির্বাচন প্রক্রিয়া থেকে সরে যাওয়ার পথ তৈরি করা। কিন্তু বিভিন্ন কৌশলে সেই সুযোগ নেওয়ার চেষ্টা হলেও বিএনপি তা সফল হতে দেবে না বলে তিনি জানান।
এসআর
মন্তব্য করুন: