নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) পাঠানো কারণ
দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে উপস্থিত হয়ে তিনি কমিশনের কাছে তার লিখিত ব্যাখ্যা জমা দেন। নির্বাচন কমিশন সূত্র জানায়, সকাল প্রায় ১০টার দিকে তিনি ইসিতে এসে শোকজ নোটিশের জবাব দেন। এখন সেই ব্যাখ্যা পর্যালোচনা করে কমিশন পরবর্তী সিদ্ধান্ত জানাবে।
এ বিষয়ে মামুনুল হক বলেন, তাকে কেন্দ্র করে যেসব সংবাদ প্রকাশ হয়েছে, সেখানে তথ্য বিকৃত করা হয়েছে। তিনি জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করা হলেও তা তার নিজ নির্বাচনী এলাকার কোনো প্রচারণা ছিল না।
তিনি আরও দাবি করেন, সংসদ নির্বাচনের উদ্দেশ্যে তিনি কোনো ধরনের প্রচার বা গণসংযোগ কার্যক্রমে অংশ নেননি। বিষয়টি লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে, গত ১৪ জানুয়ারি নির্বাচন কমিশন তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠায়। নোটিশে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে প্রার্থী হিসেবে গত ১৩ জানুয়ারি বিকেলে মামুনুল হক তার অনুসারীদের নিয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন—এ সংক্রান্ত একটি সংবাদ অনলাইনে প্রকাশিত হয়।
নির্বাচন কমিশনের মতে, ভোটগ্রহণের নির্ধারিত তারিখ ১২ ফেব্রুয়ারির তিন সপ্তাহ আগেই এ ধরনের কার্যক্রম নির্বাচনী প্রচারণার আওতায় পড়ে। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৩ ও ১৮ লঙ্ঘনের শামিল।
এই প্রেক্ষাপটে কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না—তা জানতে চেয়ে কমিশন তাকে ১৭ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে স্বশরীরে বা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়।
এসআর
মন্তব্য করুন: