চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার একটি শান্ত-সুন্দর গ্রাম ঠেটালিয়ায় থাকে চতুর্থ শ্রেণির এক মেধাবী ছাত্রী তাকওয়া।
ছোটবেলা থেকেই তার মা ফাতেমা তাকে একটি মূল্যবান শিক্ষা দিয়েছিলেন—"অন্যের জিনিস কখনো অনুমতি ছাড়া নেবে না। মানুষ না দেখলেও আল্লাহ সবকিছু দেখেন।" তাকওয়া এই কথাটি সবসময় মনে রাখত।
একদিন সকালে তাকওয়া তার সহপাঠী নোভাকে নিয়ে তার স্কুলে যাচ্ছিল। পথে হঠাৎ রাস্তার পাশে একটি ব্যাগ দেখতে পেল তারা। কৌতূহলবশত ব্যাগটি খুলে দেখে ভেতরে অনেক টাকা, একটি পাসপোর্ট এবং গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র রয়েছে।
টাকা দেখে নোভা বলল,
— "চল, আজ স্কুলে না গিয়ে এই টাকা নিয়ে চলে যাই। কেউ তো জানবে না!"
তাকওয়া সঙ্গে সঙ্গে বলল,
— "না, এটা কখনো করা যাবে না। এটা আমাদের নয়। অন্যের জিনিস নেওয়া অন্যায়। চল, ব্যাগটা আমাদের স্কুলের প্রধান শিক্ষকের কাছে জমা দিই।"
দুজন স্কুলে গিয়ে ব্যাগটি প্রধান শিক্ষকের হাতে তুলে দিল। সব কথা শুনে শিক্ষক তাকওয়ার সততায় খুবই মুগ্ধ হলেন। তিনি হাসিমুখে জিজ্ঞেস করলেন,
— "তাকওয়া, তুমি চাইলে তো এই টাকা নিয়ে চলে যেতে পারতে। কেউ হয়তো জানতে পারত না।"
তাকওয়া বিনয়ের সঙ্গে উত্তর দিল,
— "স্যার, আমার মা সব সময় বলেন, অনুমতি ছাড়া কারও জিনিস স্পর্শ করা উচিত নয়। মানুষ না দেখলেও আল্লাহ সব দেখেন। তাই আমি কখনো এমন কাজ করতে পারি না।"
এরপর স্কুল কর্তৃপক্ষ পুরো এলাকায় মাইকিং করে ব্যাগের প্রকৃত মালিককে খুঁজে বের করার উদ্যোগ নেয়। কিছুক্ষণ পর একজন ব্যক্তি এসে ব্যাগের ভেতরের জিনিসপত্রের সঠিক বর্ণনা দেন। সবকিছু যাচাই-বাছাই করে তার হাতে ব্যাগটি ফিরিয়ে দেওয়া হয়।
হারানো টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ফিরে পেয়ে তিনি আনন্দে আপ্লুত হয়ে তাকওয়ার জন্য প্রাণভরে দোয়া করেন।
অল্প সময়ের মধ্যেই তাকওয়ার সততার খবর পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। সবাই ছোট্ট এই মেয়েটির প্রশংসা করতে থাকে। অনেকেই তাকে দেখতে এবং উৎসাহ দিতে তার বাড়িতে যান।
তাকওয়ার সততায় মুগ্ধ হয়ে এলাকার বিশিষ্ট শিল্পপতি আলহাজ এবি মঈনউদ্দীন হোসেন টুনুর হাজি তার লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। তিনি আরও বলেন, তাকওয়া বড় হয়ে পড়াশোনা শেষ করলে তার প্রতিষ্ঠানে সম্মানজনক চাকরির সুযোগও দেওয়া হবে।
সেদিন ছোট্ট তাকওয়া প্রমাণ করে দিয়েছিল, সততা মানুষের সবচেয়ে বড় সম্পদ। ভালো কাজের প্রতিদান একদিন না একদিন অবশ্যই ফিরে আসে।
নৈতিক শিক্ষা: সত্যবাদিতা ও সততা মানুষকে সম্মানিত করে। অন্যের হক রক্ষা করলে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করেন।
এসআর