বাংলা সাহিত্যের আধুনিকতার পথিকৃৎ এবং প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্তের
জন্মবার্ষিকী আজ। ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামের এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
জীবন ও সাহিত্যকর্মের এক নজরে:
জন্ম ও শৈশব: পিতা রাজনারায়ণ দত্ত এবং মাতা জাহ্নবী দেবীর কোলে জন্ম নেওয়া মধুসূদন শৈশব থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী ও উচ্চাভিলাষী।
ধর্মান্তর ও নাম পরিবর্তন: পাশ্চাত্য সংস্কৃতির প্রতি প্রবল অনুরাগের কারণে তিনি ১৮৪৩ সালে খ্রিস্টধর্ম গ্রহণ করেন এবং নিজের নামের সাথে ‘মাইকেল’ যুক্ত করেন।
সাহিত্যে নবজাগরণ: শুরুর দিকে ইংরেজি ভাষায় সাহিত্যচর্চা করলেও পরবর্তীতে মাতৃভাষার টানে বাংলায় সাহিত্য সৃষ্টিতে মনোনিবেশ করেন। তিনি বাংলা সাহিত্যে ‘অমিত্রাক্ষর ছন্দ’ এবং ‘সনেট’ প্রবর্তনের মাধ্যমে এক বৈপ্লবিক পরিবর্তন আনেন।
কালজয়ী সৃষ্টি: তাঁর অমর সৃষ্টি 'মেঘনাদবধ কাব্য' বাংলা সাহিত্যের ইতিহাসে এক অনন্য মাইলফলক। এছাড়াও ‘তিলোত্তমাসম্ভব কাব্য’, ‘বীরাঙ্গনা কাব্য’, ‘কৃষ্ণকুমারী’ (নাটক) এবং ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ (প্রহসন) তার উল্লেখযোগ্য সৃষ্টি।
স্মরণ ও সম্মাননা
ঊনবিংশ শতাব্দীর এই কালজয়ী সাহিত্যিক ১৮৭৩ সালের ২৯ জুন কলকাতায় মৃত্যুবরণ করেন। তাঁর জন্মভিটা সাগরদাঁড়িতে প্রতি বছর কবির স্মৃতি স্মরণে নানা আয়োজন ও মধুমেলা অনুষ্ঠিত হয়। আধুনিক বাংলা কবিতার ভিত গড়ে দেওয়া এই কবির অবদান বাঙালি জাতি আজও শ্রদ্ধাভরে স্মরণ করে।
এসআর
মন্তব্য করুন: