বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে যখন আন্তর্জাতিক সম্প্রদায় শরণার্থীদের অধিকার ও সুরক্ষার বিষয়টি সামনে আনছে, তখন কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বহু স্থানীয় বাসিন্দা নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন।
সরকারি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী, কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে বর্তমানে ১১ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে।
অন্যদিকে সর্বশেষ জনশুমারির তথ্য অনুযায়ী, উখিয়া ও টেকনাফের স্থানীয় জনসংখ্যা প্রায় ছয় লাখের কাছাকাছি। ফলে সীমিত আয়তনের এই অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদে এত বিপুল জনগোষ্ঠীর উপস্থিতি স্থানীয় অবকাঠামো, প্রাকৃতিক সম্পদ এবং জনসেবার ওপর বাড়তি চাপ তৈরি করছে।
শরণার্থী শিবিরগুলোতে নিয়মিত নতুন শিশুর জন্মও জনসংখ্যাগত চ্যালেঞ্জকে আরও জটিল করে তুলছে।
নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ রয়েছে স্থানীয়দের মধ্যে। সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার, চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ দীর্ঘদিনের।
স্থানীয় বাসিন্দাদের দাবি, এসব কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং নিরাপত্তাহীনতার অনুভূতি বাড়ছে।
সম্প্রতি উখিয়ার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে সংঘটিত হামলার ঘটনাও নতুন করে আলোচনায় এসেছে। একটি চিকিৎসাসংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার জেরে হাসপাতালে ভাঙচুর ও বিশৃঙ্খলার অভিযোগ ওঠে।
স্থানীয়দের মতে, এ ধরনের ঘটনা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে বিদ্যমান দূরত্ব এবং পারস্পরিক অবিশ্বাসকে আরও বাড়িয়ে দিচ্ছে।
স্থানীয়দের একটি অংশ মনে করেন, মানবিক কারণে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিলেও দীর্ঘমেয়াদে এ সংকটের ভার এককভাবে বহন করা কঠিন হয়ে পড়ছে।
তাদের দাবি, আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা এবং দ্রুত টেকসই সমাধানের উদ্যোগ প্রয়োজন।
বিশ্ব শরণার্থী দিবসে তাই কেবল শরণার্থীদের মানবিক পরিস্থিতিই নয়, আশ্রয়দানকারী এলাকার মানুষের বাস্তবতাও গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তাদের মতে, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছা ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পাশাপাশি স্থানীয় জনগণের নিরাপত্তা, জীবিকা ও পরিবেশগত স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।
কক্সবাজারের উখিয়া ও টেকনাফে দীর্ঘদিন ধরে চলমান এই সংকটের স্থায়ী সমাধানে সরকার, আন্তর্জাতিক সংস্থা এবং বৈশ্বিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগই এখন সময়ের দাবি।
এসআর