[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় ‘মন্থা’ সৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫ ১০:০৪ এএম

সংগৃহীত ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ‘মন্থা’ নামের ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

রোববার (২৬ অক্টোবর) ভারতের আবহাওয়া বিভাগের সর্বশেষ আপডেটে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে সিস্টেমটি বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বাংশে গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এটি ধীরে ধীরে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেবে এবং ২৮ অক্টোবরের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

গভীর নিম্নচাপটির অবস্থান বর্তমানে

  • পোর্ট ব্লেয়ার থেকে ৬১০ কিলোমিটার পশ্চিমে,
  • চেন্নাই থেকে ৭৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে,
  • বিশাখাপত্তনম থেকে ৮৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে, এবং
  • ওড়িশার গোপালপুর থেকে ৯৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে।

বর্তমান গতিপথ ও গতিবেগ অনুযায়ী ধারণা করা হচ্ছে, ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলীয় অঞ্চল, বিশেষ করে মাখিলিপাটনাম-কাকিনাদা উপকূলের দিকে অগ্রসর হতে পারে।

বাংলাদেশে সতর্কতা জারি

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

রোববার প্রকাশিত বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর নিম্নচাপটির প্রভাবে দেশের সব চারটি সমুদ্রবন্দর — চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা — কে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার সকাল ৬টায় গভীর নিম্নচাপটি অবস্থান করছিল—

  • চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,৩৪০ কিলোমিটার দক্ষিণে,
  • কক্সবাজার থেকে ১,২৭০ কিলোমিটার দক্ষিণে,
  • মোংলা থেকে ১,৩০০ কিলোমিটার দক্ষিণে, এবং
  • পায়রা থেকে ১,২৬৫ কিলোমিটার দক্ষিণে।

গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বয়ে যাচ্ছে। এর ফলে কেন্দ্রের আশপাশের সাগর এলাকা উত্তাল রয়েছে।

আরব সাগরেও নিম্নচাপ

এদিকে আরব সাগরেও একটি নতুন নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদদের আশঙ্কা, সেটিও আগামী কয়েক দিনের মধ্যে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

এসআর

সম্পর্কিত খবর