[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত, প্রধান উপদেষ্টার অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ৯:১০ এএম

সংগৃহীত ছবি

ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের (ইউপিইউ) প্রশাসনিক কাউন্সিলের (সিএ) সদস্যপদে পুনর্নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রতিনিধিদলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ ১৫৭ ভোটের মধ্যে ৯৭ ভোট পেয়ে জয়লাভ করে। ১০ সদস্যবিশিষ্ট কাউন্সিলে নবম স্থান অর্জন করে টানা দ্বিতীয়বারের মতো চার বছরের জন্য সদস্যপদ পেল বাংলাদেশ।

এর আগের মেয়াদে বাংলাদেশ সীমিত ভূমিকা রেখেছিল। ২০২১ সালের নভেম্বরে মাত্র একটি সরাসরি বৈঠকে অংশগ্রহণ করে, বাকি কার্যক্রমে যুক্ত ছিল ভার্চুয়ালি। ফলে কার্যকর অবদান রাখার সুযোগ সীমিত ছিল এবং পুনর্নির্বাচনে তা বাধা হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছিল।

তবে সমন্বিত কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ সেই চ্যালেঞ্জ অতিক্রম করে পুনরায় সদস্যপদ অর্জন করেছে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এ অর্জনকে একটি ‘গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য’ হিসেবে অভিহিত করে।

এসআর

সম্পর্কিত খবর