[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ৯:২১ এএম

সংগৃহীত ছবি

সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের নামে থাকা চারটি ফ্ল্যাট, ১০ কাঠা জমি এবং ১৬টি ব্যাংক হিসাব জব্দ করেছে আদালত।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এ নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম।

দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান আবেদনটি দাখিল করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

এর আগে চলতি বছরের ৩০ জুলাই আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে ৫ কোটি ৩৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৫৮ কোটি ৭৮ লাখ টাকার বেশি মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করে দুদক।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনি ৫ কোটি টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ নিজের দখলে নিয়েছেন। এছাড়া তার নামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১৯টি হিসাবে ১৫৮ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন হয়েছে। এ লেনদেনের মাধ্যমে অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করা হয়, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ।

দুদকের তদন্তে দেখা গেছে, আসাদুজ্জামান নূরের বিভিন্ন ব্যাংক হিসাবে প্রায় ৮৫ কোটি ৭২ লাখ টাকা জমা হলেও, সেখান থেকে প্রায় ৭৩ কোটি টাকা উত্তোলন করা হয়েছে। এসব অর্থের উৎস অস্পষ্ট বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত বছরের ১৫ সেপ্টেম্বর রাজধানীর বেইলি রোডের নিজ বাসা থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

এসআর

সম্পর্কিত খবর