[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

নতুন কর্মসূচির ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২৫ ১০:৪১ এএম

সংগৃহীত ছবি

দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রকৌশল শিক্ষার্থীরা।

বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ব্যাচ–২০-এর শিক্ষার্থী জুবায়ের আহমেদ।

তিনি বলেন, “প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে আমরা পাঁচ দফা দাবি পেশ করছি।”

শিক্ষার্থীদের উত্থাপিত ৫ দফা দাবি

১. স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে আন্দোলনকারীদের সামনে এসে এ ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহি করতে হবে।
২. সরকারের ঘোষিত বর্তমান কমিটি প্রতিনিধিত্বের অনুপযুক্ত; তাই ওই কমিটিকে অবিলম্বে বাতিল করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ও প্রকৌশল অধিকার আন্দোলনের প্রতিনিধিদের নিয়ে নতুন কমিটি গঠন করতে হবে এবং তিন দফা দাবি মেনে নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে।
৩. সংশ্লিষ্ট তিন উপদেষ্টা—ফাওজুল করিম খান, আদিলুর রহমান ও সৈয়দা রেজোয়ানা হাসানকে আজকের মধ্যেই এ বিষয়ে নিশ্চয়তা দিতে হবে।
৪. হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার সরকারকে বহন করতে হবে এবং চলমান আন্দোলনের সময় অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৫. আন্দোলনে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে সাবেক বুয়েট শিক্ষার্থী রোকনের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে চাকরি থেকে বহিষ্কার করতে হবে। পাশাপাশি যেসব পুলিশ সদস্য এ হামলার সঙ্গে জড়িত তাদেরও বহিষ্কার করতে হবে।

জুবায়ের আহমেদ আরও বলেন, “পুলিশ দিয়ে এ আন্দোলনে আর কোনো হামলা চালানো যাবে না। আমাদের দাবিগুলো দ্রুত মেনে না নিলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

এসআর

সম্পর্কিত খবর