[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই নির্বাচন : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ আগষ্ট ২০২৫ ৯:০২ এএম

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা যে তারিখে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, সেই সময়েই নির্বাচন হবে। স্যারের কথার উপরে আমাদের কোনো কথা নেই। ক্ষমতা জনগণের হাতে, জনগণ নির্বাচনমুখী হলে কেউ তা বাধাগ্রস্ত করতে পারবে না।”

চাঁদাবাজির প্রসঙ্গে তিনি বলেন, বড়-ছোট যেই হোক, কোনো চাঁদাবাজকেই ছাড় দেওয়া হবে না। বিশেষ করে মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় চাঁদাবাজি বেশি হয়ে থাকে, তবে সবাইকে আইনের আওতায় আনা হবে।

বাজার পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে অনেক শাক-সবজি নষ্ট হয়েছে, ফলে দামে কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে পর্যাপ্ত আলু মজুত রয়েছে। তিনি বলেন, “কৃষকরা দাম না পেলেও পাইকারি থেকে খুচরা পর্যায়ে দাম বেড়ে যায়। মধ্যস্বত্বভোগীরাই লাভ বেশি করছে। এ অবস্থার পরিবর্তন করতে হবে।”

পলিথিন ব্যবহার বন্ধের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “পলিথিন নষ্ট হয় না, বরং মাটি ও পরিবেশের ক্ষতি করে। একসময় পাটের ব্যাগের ব্যাপক চাহিদা ছিল। এখন পাটের ব্যবহার বাড়ালে কৃষকরা উপকৃত হবে।”

এ সময় তিনি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এসআর

সম্পর্কিত খবর