[email protected] শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
২ শ্রাবণ ১৪৩৩

ভিসা বন্ধের জন্য নিজেরাই দায়ী: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ জুন ২০২৫ ৯:৫৯ এএম

সংগৃহীত ছবি

বিভিন্ন দেশের ভিসা নীতিতে কড়াকড়ি কিংবা ভিসা বন্ধ হয়ে যাওয়ার জন্য দেশের কিছু নাগরিক ও ব্যবসায়ীই দায়ী বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

তিনি বলেন, “যেভাবে নিয়ম না মেনে বিদেশে লোক পাঠানো হচ্ছে, তাতে জটিলতা তৈরি হচ্ছে। সবার আগে আমাদের নিজেদের ঘর সামলাতে হবে।”

মঙ্গলবার (৩ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “নিজেদের আচরণ ও প্রক্রিয়াগুলোর পরিবর্তন না হলে আন্তর্জাতিক পর্যায়ে ভিসা ইস্যুতে সংকট আরও বাড়তে পারে। তাই সংশোধন হওয়া জরুরি।”

মার্কিন স্টুডেন্ট ভিসা নিয়ে সরকারের করণীয় নেই

স্টুডেন্ট ভিসা ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বিষয়ে প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, “এ বিষয়ে সরকারের কোনো হস্তক্ষেপের সুযোগ নেই। এটি সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ প্রক্রিয়ার আওতাধীন।”

ভারতের ট্রান্সশিপমেন্ট বন্ধ: ‘শাপেবর’

ভারতের মাধ্যমে পণ্য পরিবহন (ট্রান্সশিপমেন্ট) বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে মতামত জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “এটি বাংলাদেশের জন্য শাপেবর হিসেবে এসেছে। আমরা বিকল্প পরিবহন ব্যবস্থা তৈরি করেছি, যা আরও টেকসই ও কার্যকর। তাই কোনো সমস্যা হচ্ছে না।”

নির্বাচন প্রসঙ্গে বিদেশিদের আগ্রহ স্বাভাবিক

বিদেশি বন্ধু রাষ্ট্রগুলো নির্বাচন নিয়ে জানতে চাইলে তাদের সরকারিভাবেই অবস্থান জানানো হয় বলে উল্লেখ করেন তৌহিদ হোসেন। তিনি বলেন, “নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্তের সঙ্গেই পররাষ্ট্র মন্ত্রণালয় একমত। আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।”

এসআর

সম্পর্কিত খবর