[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

টানা বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের সতর্ক বার্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ মে ২০২৫ ৬:৪০ এএম

সংগৃহীত ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে এবং এটি আরও ঘণীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

যদিও ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই, তবে আগামী এক-দু’দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানান, সৃষ্ট নিম্নচাপের কারণে উপকূলীয় এলাকা এবং দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। শুক্রবার (৩০ মে) পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে শনিবার (৩১ মে) থেকে আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৯১ মিলিমিটার। পার্বত্য অঞ্চলে অতিবৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। এছাড়া সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সতর্ক সংকেত ও নির্দেশনা:

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোর ৬টায় নিম্নচাপটি:

  • চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪০৫ কিমি,
  • কক্সবাজার থেকে ৩৯৫ কিমি,
  • মোংলা থেকে ২৩০ কিমি এবং
  • পায়রা সমুদ্রবন্দর থেকে ২৪৫ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিমি এলাকার মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৪০ কিমি এবং দমকা হাওয়ার আকারে তা বেড়ে ৫০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে। ফলে সংশ্লিষ্ট এলাকায় সাগর বেশ উত্তাল রয়েছে।

যা যা নির্দেশনা দেওয়া হয়েছে:

  • চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
  • সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
  • দেশের সব নৌ-বন্দরগুলোকে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় আরও ঝড়ো হাওয়া বইতে পারে। তাই সকলকে সতর্ক থাকার এবং প্রয়োজনীয় পূর্ব প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর