[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

সাবেক আইনমন্ত্রীর সহযোগীর বিরুদ্ধে ৫৬ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৩৭৪ কোটির সন্দেহজনক লেনদেনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মে ২০২৫ ৮:৪১ এএম

ফাইল  ছবি

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ ও আস্থাভাজন সহযোগী তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের বিরুদ্ধে ৫৬ কোটি ৬১ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ৩৭৪ কোটি ৫১ লাখ টাকার সন্দেহভাজন আর্থিক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শনিবার (২৪ মে) দুদকের পক্ষ থেকে রাজধানীতে এ মামলা দায়ের করা হয় বলে নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

মামলার এজাহার অনুযায়ী, তৌফিকার নামে মোট ৫৯ কোটি ২৩ লাখ ৬৪ হাজার টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। তবে বৈধ উৎস পাওয়া গেছে মাত্র ২ কোটি ৬২ লাখ টাকার সম্পদের জন্য। ফলে বাকি ৫৬ কোটি ৬১ লাখ টাকার সম্পদকে জ্ঞাত আয়বহির্ভূত হিসেবে চিহ্নিত করেছে দুদক।

এছাড়া অনুসন্ধানে দেখা যায়, তৌফিকা করিম নিজের নামে খোলা ৮৮টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩৭৪ কোটি ৫১ লাখ টাকার আর্থিক লেনদেন করেছেন। এর মধ্যে ২০১ কোটি ৮৮ লাখ টাকা জমা এবং ১৭২ কোটি ৬২ লাখ টাকা উত্তোলনের হিসাব পাওয়া গেছে, যার ব্যাখ্যা যথাযথ নয়। এসব লেনদেনকে মানি লন্ডারিংয়ের অংশ হিসেবে সন্দেহ করা হচ্ছে।

তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর