[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

রাতের মধ্যে ঢাকাসহ ১৪ জেলায় ঝড়বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫ ৯:২৩ এএম

ফাইল ছবি

ঢাকাসহ দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে সোমবার দিবাগত রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, সোমবার সকালে আবহাওয়া অধিদফতরের আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙামাটি, ফেনী, কক্সবাজার, বান্দরবান ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামী ২৪ ঘণ্টায় দেশের কিছু কিছু অঞ্চলে এই তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আবহাওয়ার এই পরিবর্তন সাধারণ মৌসুমী প্রভাবের অংশ হলেও, ঝড়বৃষ্টি এবং তাপপ্রবাহ—উভয়ের দিকেই সতর্ক থাকতে হবে সাধারণ মানুষকে।

এসআর

সম্পর্কিত খবর