[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৫ ৫:৪৩ এএম

ফাইল  ছবি

চারদিনের সরকারি সফরে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৬ মার্চ) দুপুর ১টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে তিনি চীনের উদ্দেশে রওনা হন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রধান উপদেষ্টা ২৬ থেকে ২৯ মার্চ চীন সফর করবেন। সফরের অংশ হিসেবে ২৭ মার্চ তিনি চীনের হাইনান প্রদেশে আয়োজিত বোয়াও ফোরাম ফর এশিয়া (BFA) সম্মেলনে যোগ দেবেন। সেখানে উদ্বোধনী প্লেনারি সেশনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন তিনি।

২৮ মার্চ বেইজিংয়ের ঐতিহাসিক ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস। এছাড়া, চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুঝিয়াংয়ের সঙ্গেও বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ছয় থেকে আটটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন প্রকল্পের জন্য এক থেকে দুই বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তার ঘোষণা দিতে পারে চীন। এর মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে অর্থায়নের বিষয়টিও অন্তর্ভুক্ত থাকতে পারে।

বেইজিং সফরের অংশ হিসেবে ২৮ মার্চ ড. ইউনূস চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের উচ্চ-প্রযুক্তিসম্পন্ন এন্টারপ্রাইজ পরিদর্শন করবেন।

এছাড়া, ২৯ মার্চ চীনের অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান পিকিং বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে। সেখানে তিনি একটি বিশেষ বক্তৃতাও দেবেন।

সফর শেষে ২৯ মার্চ চীনের একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকায় ফিরে আসবেন বলে জানা গেছে।

এসআর

সম্পর্কিত খবর