[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

চার প্রদেশ ও নতুন দুই বিভাগের প্রস্তাব জনপ্রশাসন সংস্কার কমিশনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৫ ৬:৫৮ এএম

জনপ্রশাসন সংস্কার কমিশন

জনপ্রশাসন সংস্কার কমিশন দেশের প্রশাসনিক কাঠামোতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সুপারিশ করেছে। কমিশন দেশকে চারটি প্রদেশে ভাগ করার পাশাপাশি কুমিল্লা ও ফরিদপুরকে নতুন বিভাগ করার প্রস্তাব দিয়েছে।

আজ বুধবার জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুইদ চৌধুরী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে কমিশনের প্রতিবেদন জমা দেন। পরে উপ-প্রেস সচিব আজাদ মজুমদার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

 

আজাদ মজুমদার জানান, প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সুবিধার জন্য প্রদেশভিত্তিক কাঠামোর সুপারিশ করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসকদের পদবির পরিবর্তন করে ‘জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা কমিশনার’ করার প্রস্তাব করা হয়েছে।

 

ইমিগ্রেশনে হয়রানি কমাতে আলাদা পুলিশ ইউনিট গঠনের সুপারিশও করেছে কমিশন। পাশাপাশি মন্ত্রণালয় ও অধিদপ্তরের সংখ্যা কমিয়ে যথাক্রমে ২৫টি মন্ত্রণালয় ও ৪৪টি অধিদপ্তর করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

একই দিনে বিচারবিভাগ সংস্কার কমিশনও প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। বিচারবিভাগকে সম্পূর্ণ স্বাধীন করতে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস গঠনের প্রস্তাব করেছে এই কমিশন। বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট এবং উপজেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেট আদালত স্থাপনের সুপারিশও করা হয়েছে।

 

বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান এসব প্রস্তাব উপস্থাপন করেন বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এসআর

সম্পর্কিত খবর