[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

পাচার হওয়া অর্থ ফেরাতে কানাডার সহযোগিতা চাইলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৩৪ এএম

ফাইল  ছবি

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে কানাডার সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে এক বৈঠকে তিনি এ সহযোগিতা চান।

ড. ইউনূস বলেন, “শেখ হাসিনার একনায়কতন্ত্রের অধীনে অলিগার্ক, স্বজনপোষক ও রাজনীতিবিদরা বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন ডলার চুরি করেছে। তাদের একটি অংশ টরেন্টোর বেগমপাড়ায় সম্পদ কিনে পাচার করা হয়েছে। তারা আমাদের জনগণের অর্থ চুরি করে বিদেশে সম্পদ কিনেছে। আমরা চাই, এই সম্পদ পুনরুদ্ধারে কানাডার সাহায্য।”

তিনি আরও বলেন, “আমি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করার সময় উল্লেখ করেছিলাম যে, বাংলাদেশে আরও বেশি কানাডিয়ান বিনিয়োগ প্রয়োজন। বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত এবং আমরা চাই, কানাডার কোম্পানিগুলো তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তর করুক।”

এছাড়া, ড. ইউনূস জানান, অনেক বাংলাদেশি বর্তমানে কানাডায় বসবাস ও পড়াশোনা করছেন, তাই কানাডার উচিত ঢাকায় তাদের জন্য একটি ভিসা অফিস স্থাপন করা।

এ সময় কানাডার হাইকমিশনার অজিত সিং অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উদ্যোগের প্রশংসা করেন এবং জানান, কানাডা এ বিষয়ে সহযোগিতা করতে প্রস্তুত। তিনি বলেন, “যারা পাচার হওয়া সম্পত্তি ও অর্থের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কানাডা সরকারের পক্ষ থেকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হবে।”

তিনি আরও জানান, কানাডা বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী এবং শিগগিরই এক কানাডীয় মন্ত্রী বাংলাদেশ সফর করবেন, যেখানে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

 

এসআর

সম্পর্কিত খবর