[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

সুইজারল্যান্ড পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৫ ১১:০৮ এএম

ফাইল  ছবি

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকাল ৫টা ২০ মিনিটে তিনি সুইজারল্যান্ডের জুরিখ শহরে পৌঁছান। এদিন সন্ধ্যায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান।

জানা গেছে, প্রধান উপদেষ্টা গতকাল সোমবার ভোরে সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হন এবং সেখানে চার দিনের সফরে যাবেন। এ সফরের অংশ হিসেবে তিনি ২০-২৪ জানুয়ারি দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন।

সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও, প্রধান উপদেষ্টা দাভোসে ফোরামের সাইডলাইনে বিভিন্ন বৈঠকে অংশ নেবেন। তিনি জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস, বেলজিয়ামের রাজা ফিলিপ, এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবেন।

এছাড়া, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ডসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও কোম্পানির প্রধান নির্বাহী, চেয়ারম্যান এবং উদ্যোক্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন ড. ইউনূস। তিনি কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারও দেবেন।

সব আনুষ্ঠানিকতা শেষে, প্রধান উপদেষ্টা আগামী ২৪ জানুয়ারি দাভোস থেকে ঢাকা ফিরবেন।

এসআর

সম্পর্কিত খবর