দেশের তৈরি পোশাকশিল্পে শ্রমিকদের দাবি-দাওয়াকে কেন্দ্র করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বাগেরহাটের কাটাখালী মোড়ে আয়োজিত এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে দেশে গড়ে ওঠা তৈরি পোশাকশিল্প কোনোভাবেই ধ্বংস হতে দেওয়া হবে না। এ শিল্পের সঙ্গে লাখ লাখ শ্রমিক ও তাদের পরিবারের জীবিকা জড়িত। শ্রমজীবী মানুষ কখনো নিজেদের কর্মসংস্থানের জায়গা ক্ষতিগ্রস্ত করতে পারেন না। তাই কারখানায় ভাঙচুর কিংবা শিল্পপ্রতিষ্ঠান ধ্বংসের অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
শ্রমিকদের বেতন-ভাতা ও মজুরি নিয়ে থাকা দাবিগুলোর বিষয়ে সরকার অবগত রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, এসব দাবি পর্যালোচনার জন্য ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং তারা কার্যক্রম শুরু করেছে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে বোর্ড নতুন নিম্নতম মজুরি নির্ধারণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বক্তব্যে গত ১৫ থেকে ১৬ বছরের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ওই সময়ে একটি পক্ষ মানুষের ভাগ্য পরিবর্তনে ব্যর্থ হয়েছে। মানুষের ভোটাধিকার হরণ করার পাশাপাশি দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। গণঅভ্যুত্থানের পর দেশত্যাগ করা সেই পক্ষ এখন বাইরে থেকে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির নেতা জাকির হোসেনের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহণ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, পরিবেশ প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, বিএনপি নেতা সোমনাথ দে, কপিল কৃষ্ণ মণ্ডলসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এফ/ডি