সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও দৈনিক অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
সেখানে তার সঙ্গে কথা বলা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। তবে এ মুহূর্তে তাকে আটক বা গ্রেপ্তার করা হয়নি বলেও জানান তিনি।
কী কারণে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। পাশাপাশি কোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর বিষয়েও আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ইকবাল সোবহান চৌধুরী দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক। আওয়ামী লীগ সরকারের শাসনামলে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
এ/এইচ/টি