[email protected] শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩

মালয়েশিয়ায় যেতে কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬ ১২:৩৫ পিএম

সংগৃহীত ছবি

মালয়েশিয়ায় চাকরি নিয়ে যেতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের মেডিকেল পরীক্ষার খরচ জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

নির্ধারিত এই ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ নেই। পাশাপাশি মেডিকেল পরীক্ষা করাতে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর সহযোগিতা না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 

শনিবার (৩১ অক্টোবর) মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারগুলো সর্বোচ্চ ৮ হাজার টাকা নিতে পারবে। কোনো কর্মীর কাছ থেকে এর বেশি অর্থ আদায় করা হলে তা নিয়মবহির্ভূত বলে বিবেচিত হবে।

 

মন্ত্রণালয় আরও জানিয়েছে, কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সির নিয়ন্ত্রণে পরিচালিত হতে পারবে না। মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টার থেকে পরীক্ষা করানোর সুযোগ পাবেন।

 

এদিকে, কোনো রিক্রুটিং এজেন্সি মেডিকেল স্লিপ দেওয়ার পর সংশ্লিষ্ট কর্মী অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিলে আগের এজেন্সিকে দ্রুত মেডিকেল রিপোর্ট সরবরাহ করতে হবে। এ বিষয়ে স্লিপ দেওয়া প্রতিষ্ঠানের আপত্তি গ্রহণযোগ্য হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

নির্ধারিত ফির অতিরিক্ত টাকা দাবি, হয়রানি, অযথা বিলম্ব কিংবা অন্য কোনো অনিয়মের শিকার হলে কর্মীদের সরাসরি মন্ত্রণালয়ে অভিযোগ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ পাঠানোর জন্য [email protected] ইমেইল ঠিকানা নির্ধারণ করা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, MIGRAMS স্লিপ সংগ্রহের জন্য কোনো ধরনের অর্থ পরিশোধ করতে হয় না। মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

মালয়েশিয়াগামী কর্মীদের পাশাপাশি রিক্রুটিং এজেন্সি ও সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারগুলোকে এসব নির্দেশনা অনুসরণের আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতাও কামনা করা হয়েছে।

এফ/ডি

সম্পর্কিত খবর