সরকারি বাসা বা ফ্ল্যাট বরাদ্দ নিয়ে অন্যের কাছে ভাড়া কিংবা সাবলেট দেওয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. জাহিরুল ইসলাম খানের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি সরকারি আবাসন পরিদর্শনের সময় কিছু কর্মকর্তা-কর্মচারীর বরাদ্দ নেওয়া বাসা বা ফ্ল্যাটের একাধিক কক্ষ কিংবা সম্পূর্ণ বাসা অন্যের কাছে ভাড়া বা সাবলেট দেওয়ার তথ্য পাওয়া গেছে। এ ধরনের কার্যক্রম ‘বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২’-এর পরিপন্থী।
ইতোমধ্যে যারা বরাদ্দের বাসা বা ফ্ল্যাটের কোনো অংশ কিংবা পুরোটা সাবলেট দিয়েছেন, তাঁদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া বা সাবলেটগ্রহীতাকে সরিয়ে দিয়ে নিজ বাসায় বসবাস শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের পর সরেজমিন পরিদর্শনে সাবলেট দেওয়ার প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী সরাসরি বরাদ্দ বাতিল করা হবে।
পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য তাঁর দপ্তরপ্রধান ও নিয়োগকারী কর্তৃপক্ষকে লিখিতভাবে অনুরোধ জানানো হবে। এ ক্ষেত্রে ‘বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২’-এর ১৪(৩) বিধি অনুসরণ করা হবে।
এসআর