দীর্ঘ ৪০ দিনের অবকাশকালীন ছুটি শেষ হওয়ায় আজ রোববার (২৫ অক্টোবর) থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে পুনরায় শুরু হচ্ছে নিয়মিত বিচারিক কার্যক্রম।
তবে ছুটির পর প্রথম দিন আপিল বিভাগের এক নম্বর কোর্টে কোনো বিচারিক কার্যক্রম চলবে না।
শনিবার (২৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট প্রশাসনের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্টের ইনার ইয়ার্ডে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
এতে প্রধান বিচারপতি এবং আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অংশ নেবেন। এ সময় অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকসহ অন্যান্য আইনজীবীদের সঙ্গে তাঁদের সৌজন্য সাক্ষাৎ হবে।
এই আয়োজনের কারণে আজ আপিল বিভাগের এক নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবে সুপ্রিম কোর্টের অন্যান্য নির্ধারিত বিচারিক কার্যক্রম নিয়ম অনুযায়ী চলবে।
এসআর