সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি মোকাবিলায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ওয়েবসাইটটিতে প্রবেশ করা সম্ভব হয়নি।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, জরুরি নিরাপত্তা সমস্যার কারণে ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
সম্ভাব্য ক্ষতি এড়াতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ওয়েবসাইটের নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করে তা সমাধানের কাজ চলছে।
ঝুঁকি যাচাই এবং প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করার পর ওয়েবসাইটটি আবার চালু করা হবে। তবে কবে নাগাদ এটি সচল হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি।
সংশ্লিষ্ট সূত্র ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি নিয়ে সতর্কতা জারি হয়েছে।
এসব দুর্বলতা কাজে লাগাতে পারলে দূর থেকেই সার্ভারে অননুমোদিত নির্দেশনা কার্যকর করার সুযোগ তৈরি হতে পারে। এর ফলে সার্ভারে থাকা ফাইল, ডেটাবেজ ও গুরুত্বপূর্ণ তথ্য নিরাপত্তাঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে।
বাংলাদেশ ব্যাংক ছাড়াও পিএইচপিভিত্তিক অন্যান্য ব্যাংক ও প্রতিষ্ঠানের ওয়েবসাইটে একই ধরনের সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
তবে সংশ্লিষ্ট নিরাপত্তা দুর্বলতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে বাস্তবে কোনো সাইবার হামলা চালানো হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এসআর