[email protected] বৃহঃস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩

খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬ ১০:১৬ এএম

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও বাগেরহাট সফর করবেন।

দিনব্যাপী এ সফরে সুন্দরবনের হিরণ পয়েন্ট ও আশপাশের এলাকা আকাশপথে পর্যবেক্ষণের পাশাপাশি মোংলা বন্দরের কার্যক্রম এবং প্রস্তাবিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন তিনি। সফরে সরকারি বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

 

প্রধানমন্ত্রীর প্রেস উইং সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

 

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। সকাল ৯টায় হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করবেন তিনি। সকাল ১০টার দিকে হিরণ পয়েন্টসহ সুন্দরবনের আশপাশের এলাকা আকাশপথে ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী।

 

এরপর সকাল সাড়ে ১০টার দিকে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন তিনি। সেখান থেকে সড়কপথে লঞ্চঘাটে গিয়ে নৌযানে বাগেরহাটের বানৌজা মোংলার উদ্দেশে রওনা হবেন।

 

দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছে ওয়ার্ডরুমে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মধ্যাহ্নবিরতির পর দুপুর ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে নির্ধারিত সভায় অংশ নেবেন তিনি।

 

বিকেলে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর বিকেল ৩টা ১৫ মিনিটে প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চলের এলাকা ঘুরে দেখবেন তিনি।

 

সফর শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন তারেক রহমান। বিকেল ৫টার দিকে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।

 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, সফরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁর সঙ্গে থাকবেন।

 

এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে খুলনা ও বাগেরহাটের জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি গ্রহণ করেছে।

এসআর

সম্পর্কিত খবর