[email protected] বৃহঃস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩

সাইবার নিরাপত্তা আইন সংশোধনে কাজ চলছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬ ৭:৫৭ এএম

সংগৃহীত ছবি

সাইবার নিরাপত্তা আইনসহ গণমাধ্যম সংক্রান্ত বিভিন্ন আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে

 বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তিনি জানান, গণমাধ্যমের মালিক ও সংশ্লিষ্ট অংশীজনদের (স্টেকহোল্ডার) সঙ্গে আলোচনার মাধ্যমে এই প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

​বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে ভোলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী এই তথ্য জানান।

​তিনি বলেন, "সাইবার নিরাপত্তা আইনে সাধারণ মানুষ ও সংবাদকর্মীদের সুরক্ষার দিকটি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে। সংবাদমাধ্যমের মালিক ও টিভি চ্যানেলের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত নেওয়া হচ্ছে। সকলের স্বার্থ রক্ষা করে যেন একটি যুগোপযোগী আইন করা যায়, সে বিষয়ে আলোচনা চলছে। আশা করছি শিগগিরই একটি ইতিবাচক ফল পাওয়া যাবে।"

​শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, "সারাদেশে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সকল নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।"

​এছাড়া নেত্রকোনায় সাংবাদিক নিহতের ঘটনা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে পার্থ জানান, শুধু সাংবাদিক নয়, যেকোনো হত্যাকাণ্ডের বিচার দেশের প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসারেই সম্পন্ন হবে।

​পরিদর্শনকালে স্থানীয় পূজা উদযাপন কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর