রাজনীতিতে ভালো মানুষের অংশগ্রহণের সুযোগ সীমিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদের হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, ভালো মানুষের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। সংসদে রাজনীতি করার জন্যও এখনো উপযুক্ত পরিবেশ গড়ে তোলা সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে এ পরিস্থিতির পরিবর্তন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আওয়ামী লীগের শাসনামলকে দুঃশাসন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আল্লাহর রহমতে আগামী দিনে দেশে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
অনুষ্ঠানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের যুক্তরাজ্যে থাকা ৪০০টি বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও দাবি করেন হাফিজ উদ্দিন আহমদ।
তাঁর দাবি, বাড়িগুলোর অবস্থান উল্লেখ করে বাংলাদেশ সরকার চিঠি দেওয়ার পর ব্রিটিশ সরকার এ বিষয়ে উদ্যোগ নিয়েছে।
এসআর