যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত ডাইভারসিটি ইমিগ্র্যান্ট ভিসা (ডিভি) লটারি কর্মসূচি দীর্ঘ
বিরতির পর আবারও চালু হতে যাচ্ছে। ট্রাম্প প্রশাসনের ডিভি লটারি বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত সম্প্রতি এ কর্মসূচি পুনরায় চালুর পক্ষে রায় দিয়েছেন। মার্কিন সাময়িকী ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার (১৯ অক্টোবর) এই রায় দেওয়া হয়।
সময়সূচি ও কার্যক্রম
আ আদালতের নির্দেশনা অনুযায়ী, আগামী ২৯ অক্টোবরের মধ্যে ডিভি লটারির আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। এছাড়া ১ নভেম্বর থেকে আবেদন গ্রহণের নির্ধারিত পোর্টাল চালু হবে এবং অন্তত ৩০ দিন পর্যন্ত নিবন্ধন কার্যক্রম খোলা থাকবে। নির্বাচিত আবেদনকারীদের বিষয়ে ৩ ডিসেম্বরের মধ্যে নোটিশ দেওয়ার সময়সীমাও নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?
এবারের ডিভি লটারিতে বাংলাদেশিরা অংশ নেওয়ার সুযোগ পাবেন কি না, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কোনো বিস্তারিত তথ্য জানায়নি। আগামী ২৯ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশের পরই এ বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
উল্লেখ্য, ২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে ৫০ হাজারের বেশি বাংলাদেশি যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়ায় ২০১২ সাল থেকেই বাংলাদেশিদের জন্য ডিভি লটারি বন্ধ রয়েছে। সাধারণত যেসব দেশ থেকে তুলনামূলক কম অভিবাসী যুক্তরাষ্ট্রে যান, তাদের সুযোগ বাড়াতেই এই কর্মসূচি পরিচালিত হয়।
প্রতারক চক্র থেকে সতর্ক থাকার পরামর্শ
আদালতের রায়ে আবেদনকারীদের যোগ্যতার শর্ত, সঠিক ওয়েবসাইট ও আবেদনপদ্ধতি সম্পর্কে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, অর্থের বিনিময়ে গ্রিন কার্ড পাইয়ে দেওয়া বা লটারিতে জিতিয়ে দেওয়ার প্রলোভন দেখানো প্রতারকদের থেকে সাবধান থাকার আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, ডিভি লটারির আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ ফ্রি এবং তা কেবল যুক্তরাষ্ট্র সরকারের অফিশিয়াল পোর্টালের মাধ্যমেই করতে হয়।
এসআর