[email protected] শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে নামছে কোস্টগার্ডের ৩৪০০ সদস্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬ ১২:৩৬ পিএম

সংগৃহীত ছবি

শারদীয় দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার করতে দায়িত্বপূর্ণ এলাকায় ৩ হাজার ৪০০ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড।

১৬ অক্টোবর থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত এ কার্যক্রম চলবে।

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

 

তিনি বলেন, উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় নিরাপত্তা বজায় রাখা এবং অপরাধ দমনে কোস্টগার্ড নিয়মিত কাজ করছে। দুর্গাপূজা উপলক্ষে মন্দির ও পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এবার বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

 

নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে পূজামণ্ডপে নজরদারি বাড়ানো, নিয়মিত টহল জোরদার এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে গোয়েন্দা তৎপরতা চালানো হবে। পাশাপাশি স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে।

 

কোস্টগার্ডের হিসাব অনুযায়ী, তাদের চারটি জোনের আওতায় মোট ৬১৫টি মন্দির ও পূজামণ্ডপ রয়েছে। এর মধ্যে ঢাকা জোনে ৩৭টি, চট্টগ্রামের পূর্ব জোনে ৬৩টি, মোংলার পশ্চিম জোনে ১৪৪টি এবং ভোলা অঞ্চলের দক্ষিণ জোনে ৩৭১টি মন্দির ও পূজামণ্ডপ রয়েছে।

 

কোস্টগার্ডের এই কর্মকর্তা জানান, পূজাকে কেন্দ্র করে নাশকতা, সাম্প্রদায়িক উসকানি, গুজব কিংবা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাহিনী প্রস্তুত রয়েছে।

 

প্রতিমা বিসর্জনের সময় নৌপথে দুর্ঘটনা প্রতিরোধেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ধারণক্ষমতার বেশি যাত্রী বহন বন্ধ, নৌযানে যাত্রীদের লাইফ জ্যাকেট ব্যবহার নিশ্চিত করা এবং সাঁতার না জানা ব্যক্তিদের নৌযানে ওঠার ঝুঁকি সম্পর্কে সচেতন করা হবে। এ ছাড়া নৌযানডুবির মতো দুর্ঘটনা ঘটলে দ্রুত উদ্ধারকাজ পরিচালনার জন্য বিশেষ ডুবুরি দল প্রস্তুত রাখা হবে।

 

নিরাপত্তা কার্যক্রম চলাকালে জরুরি প্রয়োজনে কোস্টগার্ডের হটলাইন ১৬১১১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর