[email protected] মঙ্গলবার, ২ জুন ২০২৬
১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

অভিনেত্রী শমী কায়সারের জামিন স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৪ ৮:৫০ এএম

ফাইল  ছবি

হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের করা মামলায় অভিনেত্রী শমী কায়সারের হাইকোর্টে দেওয়া জামিন স্থগিত করেছে আপিল বিভাগ।

রাষ্ট্রপক্ষের করা জামিন স্থগিত চেয়ে আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের আবেদনটি আগামী ৬ জানুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে।

শমী কায়সারের পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান এবং ব্যারিস্টার হামিদুল মিসবাহ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন।

এর আগে, ১০ ডিসেম্বর হাইকোর্ট শমী কায়সারকে তিন মাসের জামিন প্রদান করে। গত ৫ নভেম্বর দিবাগত রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে ১০ ডিসেম্বর তাকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই উত্তরা পূর্ব থানার ৪নং সেক্টরের আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কর্মীদের হামলার শিকার হন। এ সময় ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদসহ অন্যরা গুলিবিদ্ধ হন। ইশতিয়াক মাহমুদ পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন।

এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর ইশতিয়াক মাহমুদ উত্তরা পূর্ব থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে আসামি করা হয়। শমী কায়সার ২৪ নম্বর এজাহারভুক্ত আসামি।

 

এসআর

সম্পর্কিত খবর